ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

পাহাড়ি নারী-শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ইউপিডিএফের সঙ্গে সংলাপের দাবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের বিশেষ নারী সম্মেলনে নেতারা দাবি করেছেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ও শিশুরা অনিরাপদ এবং তারা অব্যাহত অন্যায়-অত্যাচার ও নিপীড়নের শিকার। সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে ইউপিডিএফের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের সরকারি উদ্যোগসহ সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা তুলে ধরা হয়। আজ রোববার দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ি জনগণের অধিকার এবং মা-বোনের সম্ভ্রম রক্ষায় যারা প্রকৃত অর্থে লড়াই করছেন, তাদের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে দমনের চেষ্টা চালানো হচ্ছে। বক্তারা বলেন, জাতিগত নিপীড়নের কবল থেকে সম্মান, আত্মমর্যাদাসহ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীসমাজকে সংগঠিত হয়ে আন্দোলন জোরদার করতে হবে। সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বিএনপি সরকারের গঠিত তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি নিয়ে তারা তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ জানাচ্ছেন। তিনি পাহাড়ে চলমান দমন-পীড়নের চিত্র তুলে ধরে ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা-মামলা-হুলিয়া নিঃশর্তে প্রত্যাহার, বন-প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার্থে অনতিবিলম্বে পাহাড় কাটা, সীমান্ত সড়ক নির্মাণ বন্ধ করে বিদেশী প্রজাতির গাছ রোপনে নিষেধাজ্ঞা আরোপ করাসহ সাত দফা দাবি জানান। নীতি চাকমার সভাপতিত্বে এবং হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পার্বত্য নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য অনুপম চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য জেসি চাকমাসহ অন্যরা।

পাহাড়ি নারী-শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ইউপিডিএফের সঙ্গে সংলাপের দাবি