ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

গঙ্গামতি সৈকতে যাতায়াতের নতুন দিগন্ত, চালু হচ্ছে গার্ডার ব্রিজ

কুয়াকাটার গঙ্গামতি সূর্যোদয় সৈকতে যাতায়াত সহজ করতে ৩০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজের মূল নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে সংযোগ সড়কের কাজ। এটি চালু হলে পর্যটক ও স্থানীয়দের দুর্ভোগের অবসান হবে।  এতদিন কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে সৈকত ধরে গঙ্গামতি সূর্যোদয় পয়েন্টে যেতে হতো। ভাটার সময় যাতায়াত সম্ভব হলেও জোয়ারে সৈকতের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যাওয়ায় চলাচল কঠিন হয়ে পড়ে। নতুন ব্রিজটি চালু হলে ৩৩ কানি-সংলগ্ন এলাকা থেকে সরাসরি গঙ্গামতি সৈকতে পৌঁছানো যাবে। পাশাপাশি ব্রিজের সংযোগ সড়কের দুই পাশে ৫৫ মিটার এলাকায় যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। ব্রিজটির গুরুত্ব শুধু পর্যটনেই সীমাবদ্ধ নয়। বেড়িবাঁধের বাইরে বসবাসকারী প্রায় দেড় হাজার মানুষের জীবনযাত্রায়ও এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে তুলাতলি খালে ৫ থেকে ৮ ফুট পানি থাকায় স্কুল, বাজারসহ প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে দুর্যোগের সময় খাল পার হয়ে বেড়িবাঁধের ভেতরে নিরাপদ আশ্রয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। ব্রিজটি চালু হলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তারা। এলজিইডি সূত্রে জানা গেছে, তিন কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে ২০২১ সালের ১৭ আগস্ট ব্রিজটির নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার কাজ শুরু করলেও ২০২৪ সালের পর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। সম্প্রতি পুনরায় সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। ব্রিজের অন্য পাশে থাকা প্রায় এক হাজার ২০০ মিটার পুরোনো সড়ক উন্নয়নের কাজও শিগ্‌গিরই শুরু হওয়ার কথা রয়েছে। কলাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, কুয়াকাটার পর্যটন উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যেই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটি চালু হলে পর্যটকেরা সহজেই গঙ্গামতি সৈকতে যেতে পারবেন। পাশাপাশি দুর্যোগের সময় বেড়িবাঁধের বাইরের বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবেন। তবে স্থানীয়দের দাবি, গঙ্গামতি এলাকার পর্যটন সম্ভাবনা ও প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে খালটি খনন ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। তাদের আশঙ্কা, খালটি যথাযথভাবে সংরক্ষণ করা না হলে ভবিষ্যতে তা ভরাট ও দখলের ঝুঁকিতে পড়তে পারে।

গঙ্গামতি সৈকতে যাতায়াতের নতুন দিগন্ত, চালু হচ্ছে গার্ডার ব্রিজ