বান্দরবান জেলা ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে বান্দরবান জেলা শহরের বালাঘাটায় তাবলিগি মারকাজ মসজিদ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এ ইজতেমা অনুষ্ঠিত হবে। পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয় মারকাজ মসজিদ ও তাবলিগ জামাতের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বান্দরবানে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মতবিনিময় সভায় মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ধর্ম, বর্ণ, জাত বা গোত্র নির্বিশেষে এই ভূখণ্ডের প্রতিটি নাগরিকের সমঅধিকার নিশ্চিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’ এ সময় সকল নাগরিকের অধিকার সুরক্ষিত রেখে পাহাড়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি। পরিদর্শন ও মতবিনিময়কালে তাবলিগ জামাতের জেলা আমির ওসমান গনি, বান্দরবান জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জমিদাতা কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, মারকাজ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।