ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে জেলার সবচেয়ে বড় এই ফুটবল আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসক মো. আবুসাঈদ যৌথভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
দুই বছর পর আয়োজিত ১০ দলের এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ফুটবল একাদশ’ ও ‘নাসিরনগর উপজেলা ফুটবল একাদশ’। নান্দনিক এই লড়াইয়ে নাসিরনগর উপজেলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ফুটবল একাদশ। খেলা চলাকালীন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা মুহুর্মুহু করতালির মাধ্যমে দুই দলের খেলোয়াড়দের উৎসাহিত করেন।
টুর্নামেন্টের উদ্বোধন শেষে সংসদ সদস্য বলেন, ‘যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করার জন্য খেলার মাঠে তাদেরকে ফিরিয়ে আনা ছাড়া কোনো বিকল্প নেই। এই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।’
টুর্নামেন্টের প্রধান আয়োজক ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সব ধরনের খেলার আয়োজন করা হবে। ফুটবল দিয়ে আজ তার চমৎকার সূচনা হলো।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ অন্যরা।