যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ জ্বালানি প্রতিমন্ত্রীর
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার বিভিন্ন চিকিৎসাসামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন তিনি।
হিউম্যান অ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় বিতরণ করা এসব চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ব্যথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পাস, গ্লাভ্স, ক্যানোলা, চিকিৎসকদের পোশাক ও ওটি’র কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। এসব সামগ্রী হাসপাতালে ভর্তি রোগীরা যেন সঠিকভাবে বিনামূল্যে পায় সে ব্যাপারে স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এ সময় সেখানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যশোরে আড়াইশ’ শয্যার হাসপাতাল হলেও প্রকৃতপক্ষে এখানে দ্বিগুণেরও বেশি রোগী সব সময় ভর্তি থাকেন। ফলে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকট লেগেই থাকে। জ্বালানি প্রতিমন্ত্রীর হাত থেকে পাওয়া এসব চিকিৎসাসামগ্রী রোগীদের চিকিৎসা সেবা অনেকটাই পূরণ করা যাবে।