অক্টোবরে ঢাকায় ১১ হাজার ৭৫৩ মামলা নিষ্পত্তি, কারাদণ্ড ৮২৩৫ জনের
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ২০২৬ সালের অক্টোবর মাসে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি ও ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে অর্থদণ্ড আদায় করা হয়েছে ৩৫ লাখ ৯১ হাজার ৪৫০ টাকা।
আজ বুধবার দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া এসব মামলায় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সময়ে নিলাম ও বাজেয়াপ্ত করা হয় ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে অক্টোবর মাসে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। একই সময়ে ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করে ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি সঞ্চারিত হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।