রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরনে ইবাদুর রহমান (২৬) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে সিগন্যালে ঘটনাটি ঘটে। আহত ইবাদুর রহমান জানান, তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী এলাকায় রিকশা চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি রিকশা নিয়ে যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় সিগনালে আটকা পরেন। এ সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ককটেলের স্প্লিন্টার তার কোমরের পেছনে লাগে। এরপর দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে চলে আসেন। তার বাসা রাজধানীর মুগদার মান্ডা এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরদর্শক) মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়ে হাসপাতালে এসেছেন। তার কোমরের পেছনের দিকে স্প্লিন্টারের আঘাত রয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।