ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে ২৫ অক্টোবর

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা, দারিদ্র্যের হার, আর্থসামাজিক অবস্থা ও জীবনমান সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শেষ হচ্ছে আগামী ২৫ অক্টোবর। গত ১ অক্টোবর থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে দেশব্যাপী এ জরিপ কার্যক্রম চলছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য নিরূপণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রণয়নের পরিকল্পনা রয়েছে। ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণে জরিপ ২০২৬’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি, দারিদ্র্যের হার নিরূপণ এবং তাদের আর্থসামাজিক অবস্থা মূল্যায়নের জন্য নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা। প্রকল্প পরিচালক ফারহানা সুলতানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্যের প্রকৃত চিত্র তুলে ধরতে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা এ জরিপের মূল উদ্দেশ্য। সংগৃহীত তথ্যের ভিত্তিতে তাদের জীবনমান, প্রয়োজন ও বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এর ফলে ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া সহজ হবে। জরিপের আওতায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে তালিকাভুক্ত ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকদের সুপারিশে গেজেটের বাইরে থাকা আরও ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ‘অন্যান্য’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাঙালি বা অন্যান্য জনগোষ্ঠী এ জরিপের আওতাভুক্ত নয়। তিন ধাপে জরিপ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-অধ্যুষিত ৯৪টি এলাকায় ফুল কাউন্ট জরিপের পাইলটিং করা হয়েছে। দ্বিতীয় ধাপে বর্তমানে দেশব্যাপী ফুল কাউন্ট জরিপ চলছে। এ কার্যক্রম শেষে নির্বাচিত নমুনা এলাকায় বিস্তারিত আর্থসামাজিক জরিপ পরিচালনা করা হবে। এ জরিপে তথ্য সংগ্রহকারী হিসেবে অংশ নিচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা। নিজ নিজ সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা সম্পর্কে তাদের পরিচিতি তথ্য সংগ্রহের কাজে সহায়তা করছে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং তথ্য সংগ্রহে সহযোগিতামূলক পরিবেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি সম্পর্কে একটি নির্ভরযোগ্য পরিসংখ্যান ভিত্তি তৈরি হবে। এর ভিত্তিতে তাদের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ এবং জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে ২৫ অক্টোবর