ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

মুন্সীগঞ্জে ড্রেজার দিয়ে বালু ভরাট, দুজনকে লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু ফেলে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার হাসাইল ও কে-শিমুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাসাইল ইউনিয়নের ট্রলার ঘাটের পূর্ব পাশে পদ্মা নদীর তীরে এবং হাসাইল-বানারী স্কুলের পাশে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। এছাড়া কে-শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি এলাকায় কাজলরেখা নদীর তীরে এবং ধামারণ সেতুর পশ্চিম পাশে শিকারিবাড়ি-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন করে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট মফিজউদ্দিন ও সোহাগ আলীকে পৃথক দুটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে অপসারণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরী। এ সময় টঙ্গিবাড়ী থানার পুলিশ সহযোগিতা করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরী জানান, অবৈধভাবে ড্রেজার স্থাপন করে বালু ভরাটের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জে ড্রেজার দিয়ে বালু ভরাট, দুজনকে লাখ টাকা জরিমানা