ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮

জামালপুরের দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি বস্তুসহ আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪১), তারাটিয়া বাজারের ফরহাদ হোসেন (৩৫), মদ্দেরচর গ্রামের বাবু মিয়া (৪২), পোড়াভিটা গ্রামের ফেলু মিয়া (৩১), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আমজাদ হোসেন (৭০), মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের সবুজ মিয়া (৪৪), কামরুজ্জামান ওরফে রিপন (৬০) এবং গোপালপুর উপজেলার সুতীগোপালপুর গ্রামের জোয়াহের (৫৩)। ডিবি-২ শাখা সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় টিনের তৈরি একটি ইলেকট্রিক দোকানের পেছনের কক্ষে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কষ্টিপাথরসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। জানা গেছে, উদ্ধার করা বস্তুটি প্রকৃত কষ্টিপাথর হলে এর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা হতে পারে। এ ঘটনায় ডিবি-২ শাখার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টিপাথরসদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের বস্তুসহ আটজনকে আটক করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮