ধুনটে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার
বগুড়ার ধুনটে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজী (৬২), এলাঙ্গী ইউনিয়নের হাঁসাপোটল গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশা (৪৮) এবং চিকাশী ইউনিয়নের সুলতানহাটা গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আওয়ামী লীগ সদস্য হানজালা (৩৮)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে পৃথক তিনটি মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।