ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যায় গ্রেফতার ৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তারকে (৪৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, চুরির উদ্দেশ্যে ওই নেত্রীর বাসায় ঢুকে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন গ্রেফতার ব্যক্তিরা। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন নিহতের মেয়ে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তরিকুল ইসলাম। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চান্দেরচর এলাকার মো. আশিক (২৩), চর গুলাগুলিয়া এলাকার মো. আলমগীর হোসেন (৩৬) ও মধ্যেপাড়া এলাকার মো. অনিক (১৯)। তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রসুলপুর এলাকার একটি ফ্ল্যাটে ডালিয়া আক্তারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বালুরচর এলাকা থেকে অনিককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজার এলাকা থেকে আশিক ও আলমগীরকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলাম আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পূর্বপরিচিত ছিলেন। ডালিয়া সকালে গৃহকর্মীর জন্য বাসার দরজা খোলা রাখতেন, বিষয়টি তারা জানতেন। সেই সুযোগে পাশের ভবনের ছাদ দিয়ে চুরির উদ্দেশ্যে তারা ডালিয়ার বাসায় প্রবেশ করে।  এ সময় ডালিয়া বিষয়টি টের পেয়ে চিৎকার করলে এবং তাদের চিনে ফেলায় নিজেদের রক্ষা করতে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তারা। ঘটনার পর আশিক ও আলমগীর ছাদ দিয়ে পালিয়ে যান। আর অনিক বোরকা পরে বাসার মূল দরজা দিয়ে বেরিয়ে যান। পালানোর সময় বোরকা ও জুতা একটি বালুর মাঠে ফেলে রেখে যায়। পরে অনিকের দেওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়েছে। এদিকে, হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা থাকতে পারে বলে দাবি করেছেন নিহত ডালিয়া আক্তারের ছোট মেয়ে লিজা আক্তার। তিনি বলেন, ‘আমার মাকে চুরির উদ্দেশ্যে হত্যা করা হয়নি। তারা যদি চুরি করতে আসত, তাহলে ঘরের আলমারির কোনো কিছু ভাঙা হয়নি কেন? ঘরের কোনো জিনিসও নেওয়া হয়নি। এই হত্যার পেছনে কোনো মাস্টারমাইন্ড রয়েছে।’

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যায় গ্রেফতার ৩