ইলিশ শিকারের দায়ে হিজলায় ১০ জেলে আটক
বরিশালের হিজলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও এর শাখা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১৭ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ৬১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও হিজলা নৌ পুলিশের ইনচার্জ মো. ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা এবং আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। অভিযানে ইলিশ ধরার সময় হাতেনাতে ১৭ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। অন্যদের বিরুদ্ধে হিজলা থানায় ৮টি মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
হিজলা নৌ পুলিশের ইনচার্জ মো. ইয়াছিনুল হক বলেন, মা ইলিশ শিকার না করতে স্থানীয় জেলে ও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।