শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে জয়পুরহাট পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মোক্তাদুল হক আদনান। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন। মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি উৎসবের পরিবেশ ঘুরে দেখেন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। মোক্তাদুল হক আদনান জয়পুরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অধ্যক্ষ শামসুল হকের সন্তান। এ ছাড়া তিনি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সদস্য সচিব। পূজামণ্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে আদনান বলেন, বাংলাদেশ আবহমানকাল ধরেই সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এ নীতিতে বিশ্বাসী হয়ে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের পাশে তাঁরা সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আগামী জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পৌরবাসীর সেবা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধ জয়পুরহাট গড়ে তুলতে পৌরবাসীর সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বুলেট, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি এবং জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশসহ স্থানীয় নেতা-কর্মী ও সুধীবৃন্দ।