পাকিস্তানি ফুটবলারের জোড়া গোলে প্রথম হার আবাহনীর
বাংলাদেশ ফুটবল লিগে চতুর্থ ম্যাচে হারের তেঁতো স্বাদ পেয়েছে আবাহনী। শুক্রবার (২৩ অক্টোবর) উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আকাশি-নীল জার্সিধারীরা। ব্রাদার্সের জয়ের নায়ক পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজা, তিনি একাই করেন দুটি গোল।
আবাহনীর রক্ষণের ভুলে প্রথম গোল পায় ব্রাদার্স। প্রথমার্ধের মাঝামাঝি ব্রাদার্সের সীমানা থেকে লম্বা করে বাড়ানো বল আবাহনীর রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে ব্রাদার্স ফরোয়ার্ড আলী রেজা পেয়ে যান, পায়ের টোকায় সহজেই জালে পাঠান তিনি। এতে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাদার্স।
বিরতির পর ম্যাচে ফেরে আবাহনী। পরিকল্পিত একটি ফ্রি-কিক থেকে বল পান রবিউল হাসান। এরপর বাঁ পায়ের গড়ানো বল জালে জড়ান তিনি।
এরপর জামাল ভূঁইয়ার লম্বা করে বাড়ানো বল ধরে দ্রুত বক্সে ঢুকে পড়েন আলী রেজা। আবাহনীর ডিফেন্ডার বাবলু বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ঠান্ডা মাথায় বল জালে ঠেলে দেন পাকিস্তানি ফরোয়ার্ড।
ম্যাচের ৬১ মিনিটে ঘটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাচি ব্রাদার্সের ব্রাজিলিয়ান ডিফেন্ডার সান্তানাকে ধাক্কা দেন। জবাবে সান্তানাও পাল্টা ধাক্কা দিলে রেফারি দুজনকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
এবারের বাংলাদেশ লিগে চার ম্যাচ খেলে এটিই আবাহনীর প্রথম হার। ড্র দিয়ে লিগ শুরু করার পর টানা দুই ম্যাচে জয় পেয়েছিল তারা। অন্যদিকে প্রথম তিন ম্যাচের দুটিতে ড্র ও একটিতে হারের পর চতুর্থ ম্যাচে এসে মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেল ব্রাদার্স ইউনিয়ন।