ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

৪ বলে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার

ক্রিকেট মাঠে টানা চার বলে চার উইকেট নেওয়ার ঘটনা বেশ বিরল হলেও তা সম্পূর্ণ নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটসহ ঘরোয়া আসরেও এমন জাদুকরী নজিরের দেখা মিলেছে কালেভদ্রে। এবার ভারতের উইমেনস সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে অসামান্য এই কীর্তি গড়ে রেকর্ডবুকে নাম তুললেন বাঁ-হাতি স্পিনার বৈষ্ণভি শর্মা। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে মধ্যপ্রদেশের জার্সিতে খেলতে নেমে বোলিংয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন এই ২০ বছর বয়সী স্পিনার। ম্যাচে নিজের কোটার ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে একাই শিকার করেছেন ৬টি উইকেট। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে সেই ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন বৈষ্ণভি। ইনিংসের প্রথম তিন ওভারে নিজের স্পেল সাজিয়ে ১৬ রান খরচ করে তিনি তুলে নিয়েছিলেন ২টি উইকেট। তবে আসল চমকটি অপেক্ষা করছিল তার শেষ ওভারের জন্য। ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে ফিরে ওভারের প্রথমে ৬ রান হজম করে কিছুটা বিপাকে পড়েছিলেন তিনি। কিন্তু এরপরই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান এই বাঁ-হাতি স্পিনার। ওভারের শেষ চার বলে একে একে চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে গড়ে ফেলেন ইতিহাস। টানা তিন বলে উইকেট তুলে নিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পর, ওভারের শেষ বলেও আরেকটি উইকেট শিকার করে চার বলে চার উইকেটের বিরল ক্লাবে নাম লেখান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে ভারতীয় বোলারদের মধ্যে টানা চার বলে চার উইকেট নেওয়ার এমন বিরল রেকর্ড ছিল শুধু হুমায়রা কাজীর। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছিলেন তিনি। সেই তালিকায় এবার দ্বিতীয় বোলার হিসেবে নিজের নাম খোদাই করলেন বৈষ্ণভি শর্মা। চলতি সময়ে দারুণ ফর্মে থেকে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন ২০ বছর বয়সী এই উদীয়মান স্পিনার। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ওভারপ্রতি মাত্র ৬.২৬ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন তিনি। এমনকি গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ভারতের ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করে মাত্র দুই ম্যাচেই ৯ উইকেট শিকার করেছিলেন বৈষ্ণভি। এ ছাড়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার গৌরবও রয়েছে তার ঝুলিতে। ২০২৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে সেই টুর্নামেন্টে মাত্র ৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। একই সঙ্গে প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছিলেন।

৪ বলে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার