৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার
‘প্রেমের মরা জলে ডুবে না’ কিংবা ‘প্রেম মানে না কোনো বাধা’—প্রচলিত এই প্রবাদকেই যেন সত্যি প্রমাণ করলেন ভারতের এক যুগল। বয়সের বিশাল ব্যবধান উপেক্ষা করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ৭৫ বছরের এক বৃদ্ধ এবং ৩০ বছর বয়সী এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের আউরাইয়া জেলার। প্রেমিক এই যুগলের অসম প্রেমে কেউ বাধাও হয়নি। ৪৫ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে এবং তাঁদের পরিবারও বিয়ের প্রস্তুতির কথা নিশ্চিত করেছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, আউরাইয়ার সহর এলাকার আরিয়ারি গ্রামের বাসিন্দা রামসুঘার (৭৫) এবং সদর কোতোয়ালি সীমানার দয়ালপুরের বাসিন্দা রীনা রাজপুত (৩০) নামে এই যুগল এক সপ্তাহ আগে আউরাইয়ার একটি বিউটি পারলারে আংটি বদল করেন। নবরাত্রির পর ধর্মীয় রীতি অনুযায়ী তাঁদের বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।
রামসুঘার জানান, রীনা রাজপুত দুই বছর ধরে তাঁদের বাড়িতে আসা-যাওয়া করতেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা একে অপরের পরিচিত হন এবং কাছাকাছি আসতে থাকেন।
রামসুঘারের মেয়ে রাধাও একজন একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি জানান, তাঁর মা সাত বছর আগে মারা গেছেন। রাধা ও রীনা একসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও কনটেন্ট তৈরি করতেন। ভিডিও বানানোর সূত্রে রীনা নিয়মিত তাঁদের বাড়িতে আসা-যাওয়া শুরু করেন এবং কাজের ফাঁকেই রীনা ও রামসুঘার একে অপরের প্রতি আকৃষ্ট হন।
৪৫ বছরের বিশাল বয়সের ব্যবধান নিয়ে রীনা রাজপুত জানান, এই ব্যবধানে তাঁর কোনো সমস্যা নেই এবং রামসুঘারকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত। রীনা বলেন, ‘ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না।’ তাঁরা দুজনেই জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।
এদিকে ইনস্টাগ্রাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের আংটি বদলের ভিডিও প্রকাশিত হতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অনেকেই এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ অর্জন করা বা রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার কোনো ‘পাবলিসিটি স্টান্ট’ বা প্রচারণামূলক কৌশল কি না। অবশ্য এ-সংক্রান্ত দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। বর্তমানে দুই পরিবারই দিনক্ষণ চূড়ান্ত করে ধুমধাম করে বিয়ের আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা করছে।