ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

রাকসু বন্ধ হলে ক্যাম্পাসে ফিরবে ‘সিট বাণিজ্যের রাজনীতি’, শিক্ষার্থীদের হুঁশিয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। এ সময়ের মধ্যে দাবির বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সহ-মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক চর্চার সূচনা হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখা প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। একই সঙ্গে নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন করা জরুরি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও নানা অজুহাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ সময় রাকসু নির্বাচন ও সিনেটের কার্যক্রম সচলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব সক্রিয় ছাত্রসংগঠনকে একযোগে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। নেতারা বলেন, রাকসু কোনও ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের সম্পত্তি নয়; এটি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান। তাই রাজনৈতিক ও সাংগঠনিক মতপার্থক্য ভুলে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও আহ্বান জানিয়েছি। বিশ্বাস করি, তারাও নিজ নিজ জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যুক্ত হবে। ছাত্র সংসদের কার্যক্রম বন্ধ হয়ে গেলে ক্যাম্পাসে ত্রাসের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, সিট বাণিজ্য ও বাকি খাওয়ার রাজনীতি আবার ফিরে আসবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এই ক্যাম্পাসগুলোকে আবারও সেই পুরোনো ‘ক্যান্টনমেন্ট’ হতে দেবেন না। শিক্ষার্থীদের হল ও ভবনগুলো শিক্ষার্থীদেরই থাকতে দিন এবং কাউকে অনৈতিক হস্তক্ষেপ করতে দেবেন না।

রাকসু বন্ধ হলে ক্যাম্পাসে ফিরবে ‘সিট বাণিজ্যের রাজনীতি’, শিক্ষার্থীদের হুঁশিয়ারি