নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে বরিশালের সুগন্ধা নদী থেকে আটক তিন জেলেকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মো. কদম আলী হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩২), রামপট্টি গ্রামের মরহুম খোকন কবিরাজের ছেলে মুসা কবিরাজ (২৭) এবং একই গ্রামের মৃত আশ্রাব আলী হাওলাদারের ছেলে ছিদ্দিক হাওলাদার (৩২)। মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ রক্ষায় অভিযানের অংশ হিসেবে সুগন্ধা নদীতে টহল দিচ্ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় দোয়ারিকা সেতুর নিচে মাছ ধরার সময় ওই তিন জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুই হাজার মিটার কারেন্ট জালও উদ্ধার করা হয়েছে। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।