ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

বর্ষায় কাদা, শুকনায় ধুলা; পাকা রাস্তার অপেক্ষায় ১০ গ্রামের মানুষ

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াশালুয়া গ্রামের কাঁচা রাস্তাটি পাকা হয়নি। ফলে বর্ষায় কাদাপানি আর শুষ্ক মৌসুমে খানাখন্দে ভরা এ রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০ থেকে ১২টি গ্রামের হাজারো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। আড়ুয়াশালুয়া গ্রামের বিস্তীর্ণ মাঠে ধান, গম, মসুর ও কলাইসহ নানা ফসলের আবাদ হয়। কিন্তু রাস্তার বেহাল দশায় উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়িতে বা বাজারে নিতে বাড়তি শ্রম ও পরিবহন খরচ গুনতে হচ্ছে। বর্ষায় যাতায়াত প্রায় বন্ধ হয়ে পড়ে এবং অসুস্থ রোগীদের যাতায়াতেও বিপাকে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ব্যাপারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান মিলন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, রাস্তাটির নিজস্ব কোনো আইডি না থাকায় এতদিন পাকাকরণের কাজ সম্ভব হয়নি। বর্তমানে রাস্তাটির আইডি পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়েও আবেদন পাঠানো হয়েছে। আইডি নম্বর বরাদ্দ শেষেই দরপত্রের মাধ্যমে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন ইউএনও। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন বাস্তব উন্নয়নের মুখ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয় গ্রামবাসী ও কৃষকরা।

বর্ষায় কাদা, শুকনায় ধুলা; পাকা রাস্তার অপেক্ষায় ১০ গ্রামের মানুষ