ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন প্রাথমিকভাবে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ এবং তাঁর স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ পাওয়ার কথা জানিয়েছে। আজ সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, তাঁদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের উৎস ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণের জন্য দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে। এদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজ ও অন্যদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিধি অনুযায়ী অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সহযোগিতায় তাঁর স্ত্রী নাজিয়া হাসান ডালিয়া ৭৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ পেয়েছে দুদক। এ অভিযোগে নাজিয়া হাসান ডালিয়া ও তাঁর স্বামী মো. শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক