সাম্প্রদায়িকতা প্রতিরোধে চাই সংস্কৃতির বিকাশ
সাম্প্রদায়িক অপশক্তিগুলোর প্রত্যক্ষ মদদে এ দেশে সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছে। দেশের সরকারগুলোও পৃষ্টপোষকতা দিয়ে এই সাম্প্রদায়িকতাকে বাড়তে দিয়েছে। এই অবস্থায় সংস্কৃতির বিকাশ ছাড়া সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন ও অগ্রসর হতে পারবে না।
আজ শুক্রবার সকালে উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলনের উদ্বোধন ও আলোচনা পর্বে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’- এই স্লোগানে দিনব্যাপী এই সম্মেলন চলছে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন বাউল শিল্পী আবুল সরকার মহারাজ। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সেগুনবাগিচা ও পুরনো পল্টন এলাকা প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার মিলনায়তনে সম্মেলনের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। উদীচী ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক ইকবালুল হক খানের সভাপতিত্বে ও আরিফ নূরের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য দেন ররবীন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল ওয়াদুদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কামরুজ্জামান ভইূঁয়া, গণসঙ্গীত শিল্পী আমিরুন নুজহাত মনীষা, আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল প্রমুখ।
সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হবে বিকেল তিনটা থেকে। নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে কাউন্সিল অধিবেশন শেষ হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে উদীচী ঢাকা মহানগরের চতুর্দশ সম্মেলন।