সুন্দরবনের দুবলারচরে সাগরে গোসল করতে নেমে ভেসে যাওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৬) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুবলারচরের আলোরকোল সৈকত থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড ও বনরক্ষীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার রবিউল ইসলাম শনিবার রাতে মুঠোফোনে এ তথ্য জানান। তিনি বলেন, গত দুই দিন ধরে সাগর এবং সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে আলোরকোলের সাগরতীর থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে। তিনি ১০ বন্ধুকে নিয়ে সুন্দরবন ভ্রমণে যান। শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে একটি বোটে করে তারা রওনা হন। পরে শুক্রবার বেলা ২টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলারচরের আলোরকোলে পৌঁছান। সেখানে সৈকতে গোসল করতে নামলে সাগরের স্রোতে ভেসে যান রিয়াজ। জেলেপল্লী দুবলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, নিখোঁজ পর্যটকের ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা সুন্দরবনের উদ্দেশে রওনা হয়েছেন। কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, সাগরে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ পাওয়া গেছে। কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তারা মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এ বিষয়ে রোববার বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করা হবে।