সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, শনিবার বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, প্রসাধনী, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরা জব্দ করে।
এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ শিং মাছ, রসুন ও সোয়েটার। জব্দ করা মালামালের মূল্য প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, চোরাচালানরোধে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে। তারই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।