ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উৎসবটি উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায় ও মানবকল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, শরতের নির্মল আকাশ, শুভ্র কাশফুল আর উৎসবের আনন্দঘন আবহে প্রতিবছর দেবী দুর্গার আগমন ভক্তদের হৃদয়ে জাগিয়ে তোলে নতুন আশা ও কল্যাণের প্রত্যয়। দুর্গোৎসবের মূল বাণীই হলো অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে সত্য ও সুন্দরের বিজয়। এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে আবহমান বাংলার ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করে আসছে, যা বাংলাদেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দুর্গোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এর সঙ্গে মিশে আছে বাংলার সংস্কৃতি ও সামাজিক সৌহার্দ্য, যা সর্বস্তরের মানুষকে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ করে। বাণীতে দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে সুদৃঢ় অঙ্গীকারবদ্ধ। সরকার দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পরিচালনা, সংস্কার ও উন্নয়নে সহযোগিতা দিয়ে যাচ্ছে। পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদার এবং কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে, স্বাধীন ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ ও আহ্বান জানান। রাষ্ট্রপতি আরও বলেন, প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তাই যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম, বর্ণ বা পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, বঞ্চনা বা নিরাপত্তাহীনতার শিকার না হয়, তার নিশ্চয়তা বিধান করা রাষ্ট্রসহ সকলের যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পুজোর এই আনন্দ সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরিশেষে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বী সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে-বিদেশে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি