ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

আখাউড়ায় কৃষকের লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

মাথার ঘাম পায়ে ফেলে বড় করে তোলা দুই শতাধিক লাউগাছ এখন মাটিতে লুটিয়ে আছে। কয়েক দিন পর থেকেই যে গাছগুলো থেকে লাখ টাকার ফসল ঘরে তোলার কথা ছিল, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে এক কৃষকের স্বপ্নকে এভাবে নির্মমভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে। জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক মমিনুল ইসলাম মনির সিলেট-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিজের ৩০ শতক জমিতে এই লাউবাগান গড়ে তুলেছিলেন। ধারদেনা আর হাড়ভাঙা খাটুনি দিয়ে বাগানে বিনিয়োগ করেছিলেন প্রায় ৪০ হাজার টাকা। দিনরাত পরিচর্যার পর বাগানজুড়ে যখন সবুজের সমারোহ। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই লাউ বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু শুক্রবার দিবাগত রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা বাগানের সব কটি গাছের গোড়া কেটে দেয়। শনিবার সকালে বাগানে এসে এই নৃসংশতা দেখে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী কৃষক ও তাঁর পরিবারের সদস্যরা। মমিনুল ইসলাম মনির বলেন, অনেক কষ্ট করে, নিয়মত পরিচর্যা করে গাছগুলো বড় করেছিলাম। আর কয়েকটা দিন গেলেই লাউগুলো বাজারে বিক্রি করতে পারতাম। কিন্তু শত্রুতাবশত আমার সব গাছ কেটে ফেলা হলো। আমি এখন নিঃস্ব। বাগানটির পাহারার দায়িত্বে থাকা কেয়ারটেকার আল আমিন জানান, রাতে তিনি দেখাশোনা করলেও গভীর অন্ধকারের সুযোগ নিয়ে এই হীন কাজটি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত পরশু দিন সাবেক ইউপি সদস্য শিশু মেম্বার এর ছেলে শাহারিয়ার খন্দকার তাদের হুমকি দিয়েছিলেন। সেই শত্রুতার জের ধরেই শাহারিয়ার এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা। একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে মাসের পর মাস হাড়ভাঙা কৃষিশ্রম এক রাতে ধূলিসাৎ হয়ে যাওয়ায় মনির ও তার পরিবার এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, ভুক্তভোগী কৃষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আখাউড়ায় কৃষকের লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা