পলাতক ইয়াসিন কীভাবে বিক্রি করলেন ২৭৮ শতক জমি
র্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মো. ইয়াসিন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার নানা অপরাধে তাঁর নাম আসে বারবার। র্যাব কর্মকর্তা হত্যার পর থেকেই লোকচক্ষুর আড়ালে তিনি। পুলিশের খাতায়ও তিনি পলাতক। এরই মধ্যে তাঁর নামে থাকা ২৭৮ শতাংশ জমি ৭৪টি দলিলে বিক্রি ও এক দিনের মধ্যেই রেজিস্ট্রি করা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের বিরুদ্ধে তাঁর বদলির আগের দিনই বিপুল অঙ্কের ঘুষ নিয়ে এসব দলিল রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এক সপ্তাহের জন্য তাঁর বদলি স্থগিত করেছে মন্ত্রণালয়।
নথিপত্র ঘেঁটে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে এসব জমি বিক্রি করা হয়েছে। ইয়াসিন এক শতক থেকে সর্বোচ্চ ১২ শতক পর্যন্ত জমি বিক্রি করেছেন। প্রতি শতক জমি বিক্রি হয়েছে ৮ থেকে ১২ লাখ টাকায়। সলিমপুর মৌজার বিভিন্ন দাগের এসব জমি আলীনগরের ক্রেতাদের কাছে বিক্রি করেন ইয়াসিন। স্থানীয় ভূমি অফিসের সূত্রে জানা গেছে, ইয়াসিনের কাছে ওই এলাকার আরও বিপুল পরিমাণ জমির দলিল রয়েছে। আরএস ও বিএস খতিয়ান পরিবর্তন করে এসব জমির দলিল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে এক আসামিকে গ্রেপ্তারে মাইক্রোবাসে যায় র্যাবের একটি দল। তাদের ওপর মাইকিং করে হামলা করে ইয়াসিনের বাহিনী। তাদের বেধড়ক মারধরে ঘটনাস্থলেই নিহত হন র্যাব-৭-এর উপসহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। ৯ মার্চ প্রথমবারের মতো সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেন। এ অভিযানের পর স্থানীয় সন্ত্রাসীরা গা ঢাকা দেয়।
পরে জঙ্গল সলিমপুরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে র্যাব ও পুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকি স্থাপন করা হয়। ২৪ মে গভীর রাতে নির্মাণাধীন র্যাব ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায় ইয়াসিনের নেতৃত্বাধীন বাহিনীর অন্তত ৩০০ সদস্য। পরে ক্যাম্পের পানি সরবরাহ লাইনে বিষ দেওয়ারও অভিযোগ ওঠে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন ও তাঁর বাহিনীসহ বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ করে আসছে। ৯ মার্চের অভিযানের পর চক্রটির বেশির ভাগ সদস্য পালিয়ে গেছেন।
অনুসন্ধানে জানা গেছে, লিংক রোডের আশপাশে প্রতি শতক জমি ৯-১২ লাখ টাকায় বেচাকেনা হচ্ছে। সেই হিসাবে সেখানে থাকা ভূসম্পদের বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা। এ ছাড়া জঙ্গল সলিমপুরে গাছসহ বিভিন্ন সরকারি সম্পদ রয়েছে। দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সন্ত্রাসীরা এসব সম্পদ নানাভাবে দখলে রেখেছে। সরকারি খাসজমির পাশাপাশি সেখানে কিছু ব্যক্তিমালিকানাধীন জমিও রয়েছে।
গত সোমবার সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবসহ দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করা হয়। রায়হান হাবীবকে বদলি করা হয় টাঙ্গাইলের ভূয়াপুরে। বৃহস্পতিবার সেখানে যোগদানের কথা ছিল তাঁর। কিন্তু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার ইয়াসিনের নামে থাকা ৭৪টি দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবীব। বিষয়টি জানাজানি হওয়ার পর সেদিন বিকেলেই তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ দেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এর পরিপ্রেক্ষিতে রায়হান হাবীবের বদলির আদেশ সাত দিনের জন্য স্থগিত করে মন্ত্রণালয়।
নিয়ম অনুযায়ী জমি বিক্রির দলিল রেজিস্ট্রির সময় দাতা (বিক্রেতা) ও গ্রহীতা (ক্রেতা) উভয়ের উপস্থিত থাকা বাধ্যতামূলক। র্যাব কর্মকর্তা হত্যার মামলার পর থেকে ইয়াসিন পলাতক। তিনি নিজে সাব-রেজিস্ট্রি অফিসে হাজির ছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর ভাষ্য, পলাতক আসামি ইয়াসিন কীভাবে জমিগুলো রেজিস্ট্রি করলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এসব বিষয়ে বক্তব্যের জন্য মো. ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের সহকারী সিরাজউদ্দিনের দাবি, ভূমি অফিসের খতিয়ান ও নামজারি (মিউটেশন) অনুযায়ী জমিগুলো ব্যক্তিমালিকানাধীন। মালিকের খাজনাও হালনাগাদ ছিল। সব কাগজপত্র আইনগতভাবে সঠিক। এ বিষয়ে সরকারের কোনো বিশেষ নিষেধাজ্ঞাও ছিল না। সম্পূর্ণ বৈধ পন্থায় কাগজপত্র ও নামজারি খতিয়ান-খাজানা দেখে দলিল রেজিস্ট্রি করা হয়েছে।
রায়হান হাবীবের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি একটি সংবাদমাধ্যমে বলেছেন, সীতাকুণ্ডের ভূমি অফিসের কাগজপত্র অনুযায়ী, এসব জমি ইয়াসিনের নামে নামজারি করা আছে। ইয়াসিন খাজনাও দিয়েছেন। কাগজপত্র, দলিলসহ এসব জমির জন্য আবেদন জমা দেন আইনজীবী নাজিম উদ্দিন। কাগজপত্র ঠিক থাকায় দলিলগুলো রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। আগেই বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। পরে মন্ত্রণালয়কে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’
তিনি আরও বলেন, সীতাকুণ্ডের ইউএনও সাব-রেজিস্ট্রার হাবীবকে ডেকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি (হাবীব) জানিয়েছেন, ইয়াসিন নিজে তাঁর কাছে আসেননি। বিধিমালা ও আইন অনুযায়ী, তাঁর কাছে কাগজপত্র নিয়ে আসায় দলিলগুলো রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।