ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

পরিকল্পিত চট্টগ্রাম গড়তে নগর সরকারের বিকল্প নেই : চসিক প্রশাসক

চট্টগ্রামকে একটি নান্দনিক, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে নগর সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। শুক্রবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হলে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত সেমিনারে আলোচকের বক্তব্যে তিনি  এ মন্তব্য করেন। ডা. শাহাদাত বলেন, একটি নগরের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণের সমন্বিত কাঠামো না থাকায় অনেক সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে। নগরের পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, ভ‚মি ব্যবস্থাপনা, পরিবহন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সেবাকে একই পরিকল্পনার অধীনে পরিচালনা করতে হলে নগর সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সংগঠনের সভাপতি পারভিন এফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী বেলায়েত হোসেন। চসিক প্রশাসক শাহাদাত বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের প্রধান সমুদ্রবন্দর, শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং আন্তর্জাতিক যোগাযোগের বিপুল সম্ভাবনা এই নগরকে ঘিরে গড়ে উঠেছে। অথচ সেই সম্ভাবনাকে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা এবং প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। একটি নগরের উন্নয়নে এতগুলো প্রতিষ্ঠান পৃথকভাবে সিদ্ধান্ত নিলে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এ জন্য নগর সরকারের মতো কার্যকর ব্যবস্থা প্রয়োজন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো অবকাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে চট্টগ্রামের অবস্থান শক্তিশালী করার উদ্যোগ এগিয়ে নেওয়া হয়। ২০০৪ সালের দিকেও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই পরিকল্পনাগুলো প্রত্যাশিত গতিতে বাস্তবায়িত হয়নি।

পরিকল্পিত চট্টগ্রাম গড়তে নগর সরকারের বিকল্প নেই : চসিক প্রশাসক