চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মশলা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা। সোমবার সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনোহরপুর বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৩টি বিভিন্ন ধরনের ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে। অন্যদিকে সকাল ১০টার দিকে একই বিওপির নিয়মিত টহলদল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করে। জব্দ করা মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করছে।